কালবেলা · সাধারণ
শাহ আমানতে ২ কোটি ৮৪ লাখ টাকার স্বর্ণালংকারসহ আটক ১
২৫/১০/২০২৬

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণলঙ্কারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যাত্রীর নাম মো. শরীফ। তিনি নোয়াখালী জেলার সেনবাগ এলাকার বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।
তিনি জানান, সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রামে নামে। সেই ফ্লাইটের এক যাত্রীকে সন্দেহ হওয়ায় গোয়েন্দা সংস্থা ও কাস্টমস তল্লাশি শুরু করেন। তল্লাশি করে তার হ্যান্ড ব্যাগ থেকে ১ কেজি ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার (চুড়ি) উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণালঙ্কার থেকে ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকার রাজস্ব আদায় করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনে জড়িত ও আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো বৈদেশিক মুদ্রা পাচার রোধসহ স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে সর্বোচ্চ নজরদারি অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗