প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:১২ পিএম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হয়েছিলেন নূরে আলম পারভেজ। পরে ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশ পেলেও চূড়ান্ত গেজেটে স্থান পাননি তিনি। কেন তার নাম বাদ পড়েছে, নিজের বিরুদ্ধে কী তথ্য এসেছে এবং কোন মূল্যায়নের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে চান এই কর্মকর্তা। তার দাবি, নিজের অবস্থান ব্যাখ্যা করার সুযোগসহ ন্যায়সংগত মূল্যায়ন পাওয়া উচিত তার।
প্রায় চার বছর ধরে চলা ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ার চূড়ান্ত ধাপে এসে বাদ পড়েন তিনি। চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১১ মাস পর বুধবার (১৪ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে। এতে এক হাজার ৭০২ জনের নাম রয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা এক হাজার ৮০৭ জনের মধ্যে ১০৫ জনের নাম গেজেটে স্থান পায়নি।
গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের একজন নূরে আলম পারভেজ। তার বাড়ি কুমিল্লার ঝলম-মহিদপুর গ্রামে। তার আশঙ্কা, গোয়েন্দা প্রতিবেদনে তাকে ছাত্রলীগের বড় নেতা হিসেবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে। তবে তার দাবি, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার কারণে বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিতে হয়েছে।
পারভেজ জানান, কলেজজীবনে ভোটাধিকারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি। শাসনগাছা, কান্দিরপাড় ও পদুয়ার বাজারের কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে অংশ নিতে নয়া পল্টনেও গিয়েছিলেন। ওই সময়ের আন্দোলনের সহযোদ্ধাদের অনেকে এখনো তাঁর ফেসবুক বন্ধু বলে জানান তিনি।
২০২৪ সালের জুলাই আন্দোলনেও ১৬ জুলাই থেকে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন পারভেজ। এ সময়ের ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানার এবং জবাব দেওয়ার সুযোগ চেয়ে পারভেজ বলেন, আমার অপরাধটা কোথায়? অভিযোগ থাকলে তা জানার এবং জবাব দেওয়ার সুযোগ কি আমার প্রাপ্য নয়?
তিনি জানান, প্রতিশোধ কিংবা বিশেষ কোনো সুবিধা চান না। নিজের বিরুদ্ধে কী তথ্য এসেছে এবং কীসের ভিত্তিতে তাকে গেজেট থেকে বাদ দেওয়া হয়েছে, তা জানতে চান। পাশাপাশি সিদ্ধান্তটি ন্যায়সংগতভাবে মূল্যায়নের দাবি জানিয়েছেন তিনি।
৪৫তম বিসিএসের পুলিশ ক্যাডারের গেজেটে নাম না থাকায় নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পারভেজ। তার প্রশ্ন, বাদ পড়ার কারণ কি তাঁকে জানানো হবে এবং নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন কি না।
