Published on
:
1 min read
এই সময়, মধ্যমগ্রাম: সপ্তমীর গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম দোলতলায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম সুভাষ মণ্ডল। প্রথম দফায় পুলিশি হেফাজতের শেষে বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ঘটনার পাঁচ দিন পরেও নির্যাতিতা মহিলার খোঁজ পায়নি মধ্যমগ্রাম থানার পুলিশ।
ঘটনাস্থল দোলতলার যশোহর রোডের ধারের একটি নামী আবাসনের সামনে। সপ্তমীর রাত একটা নাগাদ বারাসতের বাসিন্দা মধুমিতা দে রায় স্বামী ও সন্তানকে নিয়ে স্কুটারে করে ঠাকুর দেখতে যাচ্ছিলেন। আচমকা এক মহিলার চিৎকার কানে আসে মধুমিতার। দেখতে পান মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণ করছে এক যুবক। দু'জনই বিবস্ত্র। মধুমিতা চিৎকার করে লোকজনকে ডাকতে শুরু করেন।
অভিযোগ, প্রথমে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। পরে মধুমিতার চিল চিৎকারে দুই যুবক দাঁড়ান। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্ত পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁরা সুভাষকে ধরে তুলে দেন মধ্যমগ্রাম থানার পুলিশের হাতে। পরে বিজ্ঞাপনের ব্যানার ছিঁড়ে নির্যাতিতার শরীরে জড়িয়ে সম্ভ্রম রক্ষা করেন মধুমিতা।
তাঁর কথায়, 'মহিলার এই অবস্থা দেখে নিজেকে সরিয়ে নিতে পারিনি। অবাক করার বিষয় হলো, আমি চিৎকার করে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি।' পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মানসিক ভারসাম্যহীন। তাঁকে খোঁজা হচ্ছে।
