শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা বিভাগের ১৪৪টি মণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এজন্য মাঠপর্যায়ে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে কোস্টগার্ড পশ্চিমজোনের সাড়ে তিন হাজার সদস্য।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মোংলা উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সর্বসাধারণের জান-মাল রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরও বলেন, প্রতি বছরের মতো বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন এলাকাগুলোতে হিন্দু ধর্মাবলম্বীদের মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয়সহ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বজায় রাখাসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে পূজার শুরু থেকে সাড়ে তিন হাজার কোস্টগার্ড সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় আমরা মোট ১৪৪টি মন্দির ও পূজামণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বুধবার প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল উপস্থিত থাকবে। এছাড়াও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে সহায়তা নিতে কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ করেন তিনি।
