জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি অতীত ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটলে চুপ করে বসে থাকবে না তার দল। গণভোটের রায় ও সংবিধান সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থানকে জাতির সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টির আলোচনা সভায় ডা. শফিক এসব কথা বলেন।
এ সময় তিনি হুঁশিয়ারি দেন, নব্য ফ্যাসিবাদেরও পতন হবে। বিরোধী দল চেয়েছে সরকারকে সহযোগিতা করতে, কিন্তু তারা তা নিতে ব্যর্থ হয়েছে। বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ অগ্রাহ্য, সংস্কার থেকে সরে আসা ও আধিপত্যবাদের সঙ্গে আপসের অভিযোগ করেন অন্য বক্তারা।
জামায়াত আমির বলেন, বিএনপি ৫ আগস্ট পর্যন্ত মজলুম ছিল, কিন্তু এরপর তারা দ্রুত অতীতের কথা ভুলে গেছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। বিএনপি বদলে গেলেও আমরা বদলাবো না। জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন করেই ছাড়বো।
এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সভায় সভাপতিত্ব করেন। সেখানে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
