ইন্দোনেশিয়ার বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়। কয়েক দিন আগে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে। এখন মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার খবর জানালেন নুসরাত ভারুচা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও ভাগ করে নিয়েছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে টেলিভিশনে গান দেখছেন তিনি। শাহরুখ খান ও কাজল অভিনীত ‘দিলওয়ালে’ সিনেমার জনপ্রিয় গান ‘গেরুয়া’ চলছিল টেলিভিশনে। হাসপাতালের কর্মীরা তাকে খাবার খেতে সাহায্য করছেন। শারীরিক অসুস্থতার মধ্যেও প্রিয় তারকাদের গান দেখে অভিনেত্রীর ঠোঁটে হালকা হাসি দেখা যায়।
ভিডিওর সঙ্গে নুসরাত ভারুচা লিখেছেন, “আর এভাবেই শাহরুখ খান ও কাজল আমার মুখে হাসি ফুটিয়ে দেন। মনে করিয়ে দেন, পরিস্থিতি ভালো হয়, ধীরে ধীরে হলেও হয়। সুস্থ হয়ে উঠছি ধীরে ধীরে, স্বপ্ন দেখছি অফুরন্ত।”
নুসরাতের ভিডিওটি দেখে তার অনুরাগীরাও স্বস্তি প্রকাশ করেছেন। কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা দিয়েছেন অভিনেত্রী।
গতকাল ইনস্টাগ্রামে একটি ছবিও ভাগ করে নেন নুসরাত। ছবিতে জানালার পাশে একটি হেলান দেওয়া হুইলচেয়ার দেখা যায়। জানালার বাইরে ছিল সূর্যাস্তের দৃশ্য। ছবির সঙ্গে অভিনেত্রী লিখেন, “সারা জীবন সূর্যাস্তের পেছনে ছুটেছি। আর হঠাৎ করেই আমার দেখার দৃশ্যটা বদলে গেল। তবে বন্ধু, সিনেমার গল্প এখনো বাকি।”
গত ২ অক্টোবর এক বিবৃতিতে নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী জানান, কাজ ও অবকাশযাপনের জন্য বালিতে গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ভারুচা। সেখানে দুর্ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙেছে। চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা ও মূল্যায়নের পর তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করবেন।
নুসরাত ভারুচা কীভাবে, কখন দুর্ঘটনার শিকার হন, সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। তবে বিবৃতিতে সঞ্চিতা ত্রিবেদী বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তার স্বাস্থ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা। বালি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে নুসরাতকে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। সেখানেই তার অস্ত্রোপচার হবে।”
২০০৬ সালে রুপালি পর্দায় পা রাখেন নুসরাত। ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘ড্রিম গার্ল’, ‘ছালাং’, ‘ছোড়ি’, ‘আজীব দাস্তানস’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
নুসরাত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উফফ ইয়ে সিয়াপ্পা’। কমেডি থ্রিলার ঘরানার এ সিনেমা গত ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরবর্তী সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন নুসরাত। প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
