বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারি এবং পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপচাঁচিয়া থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি উপজেলার পশ্চিম সুখানগাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেনের দুই ছেলে মো. মিল্টন ও মো. লিটনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া পৃথক অভিযানে দুপচাঁচিয়া সদর ইউনিয়নের পশ্চিম সুখানগাড়ী গ্রামের আলতাফ আলীর ছেলে জিয়ারুল রহমান (৪০) ও আকবর হোসেনের ছেলে আকাশকে (২০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, পৌরসভার ডিমশহর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযান চালিয়ে আব্দুস সামাদের ছেলে সুলতান প্রাংকে (৩৫), মাতা- লাইলী বেগম(৫৫) কে গ্রেপ্তার করে পুলিশ। তার নিকট থেকেও ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
