চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গা শহরতলির নুরনগর এলাকায় গরুবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।
সোমবার (১৯ অক্টোবর) ভোর ৪টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের নুরনগর মুন্নামোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল (৩৮) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহত দুজন হলেন পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ ও শিপন।
পাওয়ার ট্রলির চালক তারাচাঁদ বলেন, ‘১১টি গরু নিয়ে আমরা তিনজন রোববার বিকেলে মঠবাড়িয়া থেকে রওনা হই। সোমবার ভোরে হঠাৎ চোখে ঘুম চলে এলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যাই।’
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড শব্দ পেয়ে তারা ছুটে এসে হতাহতদের উদ্ধার করে।
নিহতের সঙ্গে থাকা নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, ১টি মোবাইল ফোন সেট ও গরুর বৈধ চালান উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
The post চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী যান খাদে নিহত ১, আহত ২ appeared first on লোকসমাজ.
