বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধি:জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগারচর সীমান্ত এলাকায় নৌকায় করে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৯০ লাখ টাকার বেশি মূল্যের থান কাপড় জব্দ করেছে ৩৫ বিজিবির সদস্যরা। এ সময় কাপড় পরিবহনে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার মধ্যে রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুরআলগা এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী মেকুরআলগা এলাকা দিয়ে নৌকাযোগে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় চোরাচালান করা হচ্ছে এমন গোপন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সাহেবের আলগা বিওপির সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ৪ হাজার ২৭২ মিটার ভারতীয় থান কাপড় জব্দ করা হয়। জব্দ করা কাপড় ও নৌকার আনুমানিক মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা। অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে শনিবার (২৪ অক্টোবর) সকালে জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।”
The post জামালপুরে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ appeared first on sokalerkhobor24.com.
