কালবেলা · আন্তর্জাতিক
রাশিয়া-ইউক্রেনের মধ্যে ‘জ্বালানি যুদ্ধবিরতি’ কার্যকর: ট্রাম্প
১১/১০/২০২৬

রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ট্রাম্প লেখেন, এখন থেকেই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। উভয় পক্ষ এতে সম্মত হয়েছে। কেউ এটি ভঙ্গ করবে না।
তবে এ সমঝোতা কার্যকর হওয়ার বিষয়ে মস্কো বা কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাবে তিনি এ কথা বলেন।
মার্কিন সংবাদমাধ্যম এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন। ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দিন, আমরা নির্বাচন আয়োজন করব।
এর আগে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করলে রুশ তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত কিয়েভ। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা কমানোর যেকোনো পদক্ষেপ হতে হবে পারস্পরিক এবং এর পক্ষে নিরাপত্তার নিশ্চয়তা থাকতে হবে।
এদিকে জ্বালানির দাম বৃদ্ধির জন্য চলমান ইরান সংঘাতের পরিবর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে দায়ী করে আসছেন ট্রাম্প।
শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জ্বালানি সরবরাহসংক্রান্ত একটি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহে সম্মত হয়েছে মস্কো।
চুক্তিটিকে পুতিনের জন্য ‘উপহার’ হিসেবে আখ্যা দিয়েছেন জেলেনস্কি। তার আশঙ্কা, রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করা হলে তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোর অর্থায়নে সহায়তা করতে পারে।
সূত্র : রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗