সাকিবুল হাছান
গণ-অভ্যুত্থানের পর ঢাবিতে ডাকসু ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ছয় বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে এবার থাকছে কিছু নতুন বাস্তবতা।
তফসিল ঘোষণা, উঠেছে বয়সসীমা
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়া যাবে ১৯ আগস্ট পর্যন্ত, চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ আগস্ট, আর ভোট ৯ সেপ্টেম্বর। এবার প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা তুলে দেওয়া হয়েছে, তবে শুধুমাত্র পূর্ণকালীন শিক্ষার্থীরাই প্রার্থী হতে পারবেন। সান্ধ্যকালীন ও পেশাদার কোর্সের শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।
হলের বাইরে ভোটকেন্দ্র
এবারই প্রথম, আবাসিক হলগুলোর বাইরে ভোটকেন্দ্র স্থাপন করা হচ্ছে। কার্জন হল, টিএসসি, শারীরিক শিক্ষা কেন্দ্র, সিনেট ভবনসহ ছয়টি কেন্দ্রে ভোট হবে।
প্যানেল গঠনে নতুন ধারা
ছাত্রসংগঠনগুলো দলীয় প্যানেলের বদলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত প্যানেল গঠনের চিন্তা করছে। নারী, সংখ্যালঘু, অনাবাসিক এবং বিজ্ঞান অনুষদের ভোটারদের গুরুত্বও বাড়ছে।
আলোচনায় যাঁরা
ভিপি ও জিএসসহ মোট ২৮টি পদের জন্য নির্বাচন হবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার, উমামা ফাতেমা, ছাত্রদলের আবিদুল ইসলাম খান, ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু, শিবিরের আবু সাদিক কায়েম এবং ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
কে কী বলছেন
ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন প্রশাসনের ভূমিকার সমালোচনা করলেও নির্বাচনকে স্বাগত জানিয়েছে। তাঁরা ডাকসু গঠনতন্ত্রে সংস্কার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি তুলেছেন। গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং শিবিরও সময়মতো ভোট আয়োজনের পক্ষে।
