সাজেকে আবারও অনির্দিষ্টকাল সড়ক অবরোধের ডাক
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার সড়কে কাল বৃহস্পতিবার থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এই কর্মসূচির ডাক দিয়েছে।
জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে অবরোধের এ ঘোষণা দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বিবৃতিতে বলা হয়, সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষা এবং জেএসএসের সদস্যদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও উৎপাত বন্ধে তাদের ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় বৃহস্পতিবার থেকে সাজেক পর্যটন সড়কে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাঘাইহাট ও মাচলং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে গত ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। এর আগে গত ১১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু করা হয়। ওই দিন বাঘাইহাট সেনা জোনের উপ-অধিনায়ক মো. সালমান ও প্রশাসনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সন্তু গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়াসহ সাজেকবাসীর তিন দফা দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে অবরোধ স্থগিত করা হয়।
এদিকে, সাজেকে ভ্রমণে যাওয়া পর্যটকদের বুধবারের মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করার অনুরোধ জানিয়েছে সংগঠন দুটি।
যৌথ বিবৃতিতে অভিযোগ করা হয়, জেএসএসের সদস্যরা এখনো আগের অবস্থানে থেকে সাজেকের মাচলং এলাকার থালকুম্ভো, চিল্ল্যাতুলি কুটির, নোয়াপাড়া, লাম্বাবাক ও ভুয়োছড়ি এলাকায় প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা চালাচ্ছেন। শতাধিক সাধারণ মানুষকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীর ব্যবহৃত মুঠোফোনও কেড়ে নেওয়া হয়েছে। ভয়ে সাধারণ জুমচাষিরা জুমে গিয়ে হলুদ ও ঝাড়ুফুলের বাগান পরিষ্কারের কাজ করতে পারছেন না।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোকদেখানো অভিযান চালালেও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের হয়রানি করা হচ্ছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
