যশোরে দাবি করা চাঁদার সাড়ে তিন হাজার টাকা পরিশোধের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে ইমন হোসেন (২২) নামে এক মোবাইল দোকানিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট চামড়ার হাটে এ ঘটনা ঘটে।
আহত ইমন রামনগর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসাধীন ইমন হোসেন জানান, রাজারহাট বাজারে তার একটি মোবাইলের দোকান রয়েছে। দোকান থাকার সুবাদে মুড়লী খাঁ পাড়ার আব্দুল আজিজ এবং রাজারহাটের জাকির হোসেন তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে বাধ্য হয়ে ইমন তাদের ৩ হাজার ৫০০ টাকা দেন। তবে টাকা দেওয়ার পর বিষয়টি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। এই পোস্টকে কেন্দ্র করে চাঁদা দাবি করা আজিজ ও জাকিরের সঙ্গে তার দ্বন্দ্ব সৃষ্টি হয়। ফেসবুক পোস্টের জেরে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ইমনের বুকে ও নিতম্বে ছুরিকাঘাত করে তাকে হত্যার চেষ্টা করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ইমনের বুকের আঘাত অত্যন্ত গুরুতর। বর্তমানে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ছুরিকাঘাতে গুরুতর জখমের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।