মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে একটি ভ্যানিটি ব্যাগে হাতবোমা সদৃশ বস্তুর খোঁজ পেয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল যাওয়ার তথ্য দিয়েছেন এসআরবি-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস।
ঢাকা উদ্যান এলাকায় আদাবর থানার জন্য নির্ধারিত জায়গার পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সেখানে গিয়ে তৎপরতা শুরু করে এসআরবি সদস্যরা।
এসআরবি কর্মকর্তা তাপস বলেন, ঢাকা উদ্যানে ককটেল সদৃশ উপাদান পাওয়া গেছে। এসআরবির বোম্ব ডিসপোজাল টিম সেগুলো যাচাই করে দেখছে।
ঘটনাস্থলে এসআরবি সদস্যদের পাশাপাশি মোহাম্মদপুর থানা পুলিশ সদস্যরাও আছেন।
প্রাথমিকভাবে পাওয়া উপাদানগুলো ককটেল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা অন্য কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
