কক্সবাজারে মেরিনড্রাইভের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে তাদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
অপরদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
