Published : 11 Oct 2026, 09:56 PM
Updated : 11 Oct 2026, 09:56 PM
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ও ‘ক্যাশলেস’ বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে 'বাংলা কিউআর' সেবা চালু করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত রিটেইল মার্চেন্ট পয়েন্টে এ সেবা পাওয়া যাবে।
সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, "বাংলা কিউআর সেবা চালু মিডল্যান্ড ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সেবার মাধ্যমে আমরা গ্রাহক ও মার্চেন্টদের নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করতে চাই, যা দেশের ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় ভূমিকা রাখবে।"
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকেরা ব্যাংকের মোবাইল অ্যাপ বা ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে মার্চেন্টের কিউআর কোড স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারবেন। এতে দৈনন্দিন লেনদেন সহজ ও দ্রুত হওয়ার পাশাপাশি নগদ টাকার ওপর নির্ভরতা কমবে।
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার নীতি অনুসরণে দেশব্যাপী বাংলা কিউআর মার্চেন্ট নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে মিডল্যান্ড ব্যাংক।
অন্যদের মধ্যে মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
