পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে টানা নয় মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। তবে প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ তথ্য জানানো হয়। অনুমোদিত পর্যটকবাহী জাহাজ নুনিয়ারছড়া ঘাট থেকে চলাচল করবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দ্বীপে প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটক যাওয়ার অনুমতি পাবেন। নভেম্বর মাসে দিনে গিয়ে দিনেই ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাতযাপনের সুযোগ থাকবে। ফেব্রুয়ারি মাসে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে।
পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট সংগ্রহ করতে হবে।
দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চশব্দ সৃষ্টি, বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ এবং সৈকতে মোটরসাইকেলসহ যানবাহন চালানো নিষিদ্ধ থাকবে।
সরকার জানিয়েছে, পর্যটন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দ্বীপের পরিবেশ, জীববৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা ও সুপেয় পানির প্রাপ্যতা বিবেচনায় রাখতে হবে।
