আইনের শাসনে কিছুটা অগ্রগতি হলেও বৈশ্বিক সূচকে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ দুই ধাপ এগিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১২৩তম। তবে জিম্বাবুয়ে, নাইজেরিয়া, সিয়েরা লিওন, লাইবেরিয়া, কেনিয়া ও ঘানার মতো আফ্রিকার কয়েকটি দেশের চেয়ে পিছিয়ে রয়েছে দেশটি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের স্কোর ছিল ১-এর মধ্যে ০.৩৯১। চলতি বছর তা বেড়ে ০.৩৯৩ হয়েছে। এই অগ্রগতি সত্ত্বেও বাংলাদেশের স্কোর বৈশ্বিক গড় ০.৫৫-এর নিচে রয়েছে।
আইনের শাসনের আটটি মানদণ্ডের মধ্যে সরকারি ক্ষমতার সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি ও নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা—এই তিন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি হয়েছে। অন্য পাঁচটি ক্ষেত্রে অবনতি হয়েছে।
সূচকে বাংলাদেশের সবচেয়ে দুর্বল অবস্থান মৌলিক অধিকার রক্ষায়। এ ক্ষেত্রে ০.৩০ স্কোর নিয়ে ১৩৩তম স্থানে রয়েছে দেশটি। দেওয়ানি বিচারব্যবস্থায় ০.৩৬ স্কোর নিয়ে অবস্থান ১৩২তম। ফৌজদারি বিচারে ০.৩২ স্কোর নিয়ে ১১৭তম এবং দুর্নীতির অনুপস্থিতির মানদণ্ডে ০.৩৫ স্কোর নিয়ে ১১৩তম স্থানে রয়েছে বাংলাদেশ।
সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা মূল্যায়নে বাংলাদেশের স্কোর ০.৩৮ এবং অবস্থান ১১১তম। নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতায় ০.৪০ স্কোর নিয়ে অবস্থান ১২৪তম।
অন্যদিকে, তুলনামূলক ভালো অবস্থান রয়েছে উন্মুক্ত সরকার এবং শৃঙ্খলা ও নিরাপত্তার ক্ষেত্রে। উন্মুক্ত সরকার সূচকে ০.৪১ স্কোর নিয়ে বাংলাদেশ ১০৬তম এবং শৃঙ্খলা ও নিরাপত্তায় ০.৬৩ স্কোর নিয়ে ১০৭তম স্থানে রয়েছে।
সূচকটি সরকারি জবাবদিহি, দুর্নীতি নিয়ন্ত্রণ, মৌলিক অধিকার, বিচারব্যবস্থা, আইন প্রয়োগ ও নিরাপত্তাসহ আটটি মানদণ্ডের ভিত্তিতে তৈরি করা হয়।
