ওপেনএআই কার্যালয়ে গোপন রেকর্ডিং ডিভাইস: গ্রেপ্তার সৌদি কর্মী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ওপেনএআইয়ের নির্বাহী কনফারেন্স রুমে গোপনে অডিও রেকর্ডার বসানোর অভিযোগে যুক্তরাষ্ট্রে এক সৌদি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। ব্যক্তির নাম আবদুর রহমান আলফোজান। তিনি গ্রেপ্তারের আগে সৌদি আরবে যাওয়ার বিমানের টিকিট বুক করেছিলেন।
আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বুধবার (১৪ অক্টোবর) আদালতে প্রকাশিত নথিতে বলা হয়, গত ১২ অক্টোবর স্ত্রী ও পরিবারের আরেক সদস্যকে নিয়ে সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল আলফোজানের। এর আগে ৯ অক্টোবর সান ফ্রান্সিসকোয় ওপেনএআইয়ের কার্যালয়ে গোপন অডিও রেকর্ডার বসানোর অভিযোগের পর তাকে গ্রেপ্তার করে এফবিআই। তিনি ২০২৫ সালের জুলাই থেকে ওপেনএআইতে কর্মরত ছিলেন। তার পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত হয়েছেন কি না তা স্পষ্ট নয়।
তদন্তকারীদের দেওয়া তথ্য অনুসারে, ৩০ সেপ্টেম্বর স্যান ফ্রান্সিসকোতে ওপেনএআইয়ের একটি ভবনের নির্বাহী কনফারেন্স রুমের টিভির পেছনের ইউএসবি পোর্টে একটি রেকর্ডিং ডিভাইস দেখতে পাওয়া যায়।
এফবিআইয়ের অভিযোগে বলা হয়েছে, বুড়ো আঙুলের আকারের ছোট এই ডিভাইসটিতে একটি মাইক্রোফোন ছিল, যা একটি ক্যামেরার সঙ্গেও যোগ করা যেত। পুরো ডিভাইসটি আড়াল করতে পেঁচিয়ে রাখা হয়েছিল টয়লেট পেপার। আনুমানিক ২৮ সেপ্টেম্বরের দিকে এটা সেখানে বসানো হয়। তবে ডিভাইসটিতে থাকা ডেটা এনক্রিপ্ট করা থাকায় তা উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে আলফোজানের ব্যক্তিগত ব্যাগ তল্লাশি করে প্রায় একই ধাঁচের আরেকটি কাস্টমাইজড ডিভাইস উদ্ধার করেন তদন্তকারীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআই বলেছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করতে ও ডিভাইসটি কোথায় থেকে এসেছে তা শনাক্ত করতে তারা নিজস্ব এআই মডেল ব্যবহার করেছে। তবে এই মুহূর্তে আমাদের এমন কোনো ইঙ্গিত মেলেনি যে, এই ব্যক্তি অবৈধভাবে কোনো মডেল ওয়েটস, সোর্স কোড বা গ্রাহকদের তথ্যে প্রবেশ করেছেন বা তা বাইরে পাচার করেছেন। ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
বিষয়টি পরবর্তীতে এফবিআইয়ের কাছে হস্তান্তর করে ওপেনএআই। বর্তমানে এ বিষয়ে আরও তদন্ত চলছে। এ নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রে অবস্থিত সৌদি দূতাবাস।
এক বিবৃতিতে এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, আবদুল রহমান আলফোজান তার নিয়োগকারী কোম্পানির সুপার ইন্টেলিজেন্স প্রযুক্তি সম্পর্কিত সংবেদনশীল কথা গোপনে ধারণ করতেই এক্সিকিউটিভ কনফারেন্স রুমে একটি গোপন রেকর্ডার লুকিয়ে রেখেছিলেন।
আলফোজানের নামে থাকা একটি লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, গত বছরের জুলাইয়ে ওপেনএআইতে যোগদানের আগে আলফোজান মেটাতে সিস্টেমস ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং মাইক্রোসফটে ইন্টার্নশিপ করেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
