ঘাটাইলের সাগরদীঘি ইউনিয়নের বেইলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৩৭) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে আছির প্রদেশের রাজধানী আবাহ শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার ওই গ্রামের আব্দুল হকের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে দুই বছর আগে সৌদি আরবে যান আনোয়ার। ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আবাহ শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৌদি আরবে অবস্থানরত নিহতের স্বজন ও সহকর্মীরা সড়ক দুর্ঘটনার খবরটি সাগরদীঘিতে তার পরিবারকে জানান। মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পরপরই শুরু হয় পরিবারের সদস্যদের আহাজারি। পরিবারের উপার্জনক্ষম সদস্য ও প্রিয় সন্তানকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন স্বজনেরা। নিহতের বড় ভাই মো. সানোয়ার হোসেন জানান, ব্যবসায় ক্ষতিগ্রস্ত ও ঋণের চাপে পাড়ি জমান প্রবাসে। আনোয়ার অত্যন্ত মিশুক এবং শান্ত স্বভাবের ছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে প্রবাসে গিয়ে এভাবে অকালে তার প্রাণ চলে যাবে, তা কেউ মেনে নিতে পারছেন না। বর্তমানে আনোয়ারের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন শোকসন্তপ্ত পরিবার।