ডেস্ক রিপোর্ট: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে তার সাম্প্রতিক বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ফেসবুকে বার্তা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
১৮ অক্টোবর রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এই সাহসী সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য। কেন্দ্র থেকে তৃণমূল এখান থেকে শিক্ষা নেবে সেই প্রত্যাশা করি।’
প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। আজ ১৯ অক্টোবর সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।
গত ১৭ অক্টোবর শনিবার নিজের সংসদীয় আসন ঢাকা-৬-এর আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডে রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালান ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযানের সময় প্রতিমন্ত্রীর অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
উল্লেখ্য, উদ্ভূত বিতর্কিত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেন। সরকারের এ পদক্ষেপকে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে সুশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
এটিভি/এসআইআর
