জয়পুরহাটের কালাই থানার ভেতরে ঢুকে কাঠের বাটাম দিয়ে তিন পুলিশ সদস্যেকে পেটানোর অভিযোগে আসলাম হোসেন নামে এক যুবকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাই থানা কম্পাউন্ডের ভেতরে এ ঘটনা ঘটে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসলাম হোসেন উপজেলার থুপসাড়া গ্রামের মুনসুর রহমানের
ছেলে।
আহত তিন পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল মাহমুদুল হাসান রকি, ড্রাইভার কনস্টেবল মাসুদ রানা এবং এসআই (নিরস্ত্র) আহসান হাবীব। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে একাধিক মামলা থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
থানায় দায়ের করা এজাহারসূত্রে জানা যায়, দুর্গাপূজার দায়িত্ব পালনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হাতে কাঠের বাটাম নিয়ে থানায় ঢোকেন আসলাম। পুলিশ সদস্যরা তার পরিচয় ও থানায় আসার কারণ জানতে চাইলে তিনি কনস্টেবল মাহমুদুল হাসান রকিকে আঘাত করেন। রকি সরে যাওয়ায় আঘাতটি তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আটকানোর চেষ্টা করলে ড্রাইভার কনস্টেবল মাসুদ রানার পিঠে আঘাত করলে তিনিও জখম হন। এ সময় আরেক পুলিশ সদস্য এসআই (নিরস্ত্র) আহসান হাবীব আসলামকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙুলিতে গুরুতর জখম হয়। পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে দৌড়ে থানা কম্পাউন্ড থেকে পালিয়ে যান আসলাম।
কালাই থানার ওসি সাইদুল আলম বলেন, থানায় ঢুকে এক যুবক পুলিশ সদস্যদের ওপর হামলা করেন। ঘটনার সময় আমি ডিউটিতে ছিলাম। পরে অভিযান চালিয়ে আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসলামকে জয়পুরহাট আদালতে পাঠানো হয়েছে।
