সৌর প্যানেল তৈরির ১২ ধরনের প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব উঠেছে চীনে। জাতীয় নিরাপত্তা উদ্বেগের কথা উল্লেখ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও জৈবপ্রযুক্তির মতো খাতের প্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়ানোর বৃহত্তর উদ্যোগের অংশ এটি।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সৌরপ্রযুক্তি এখন মহাকাশ ও জাতীয় প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে ক্রমেই বেশি ব্যবহৃত হচ্ছে। তাই এসব প্রযুক্তির ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি নিয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত জনমত গ্রহণ করবে মন্ত্রণালয়।
এর আগে গত এপ্রিলে উন্নত সৌর প্যানেল তৈরির প্রযুক্তি রপ্তানিতে সম্ভাব্য নিয়ন্ত্রণ নিয়ে উৎপাদক কোম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা করেন চীনা কর্মকর্তারা। এ ধরনের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়ানোর পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে টেসলার মতো কোম্পানির পরিকল্পনা বাধার মুখে পড়তে পারে।
ভারতের ক্ষেত্রেও সৌরপ্রযুক্তি রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, ভারত নিজস্ব সৌরশিল্প গড়ে তোলার চেষ্টা করছে এবং চীনের ওপর নির্ভরতা কমাতে চাইছে। বিশ্লেষকদের ধারণা, ভারতের এই প্রচেষ্টার মধ্যে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে চীন।
রপ্তানি নিয়ন্ত্রণের উদ্দেশ্য ব্যাখ্যা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, “প্রযুক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বা অনুপযুক্তভাবে ছড়িয়ে পড়ার ঝুঁকি ঠেকানোর পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি খাতে স্বাভাবিক আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা সুরক্ষিত রাখাই এর লক্ষ্য।”
নতুন তালিকা আনুষ্ঠানিকভাবে হালনাগাদ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু প্রযুক্তি বিদেশে হস্তান্তরের ক্ষেত্রে রপ্তানিকারকদের নিবন্ধন করতে হবে।
প্রস্তাব অনুযায়ী, পাতলা সিলিকন ওয়েফার, পেরোভস্কাইট ও ট্যান্ডেম সৌরকোষ তৈরির কিছু প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করতে পারে চীন। বড় পরিসরে তরলীকৃত স্তরে পলিসিলিকন উৎপাদনের প্রযুক্তিও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে।
পেরোভস্কাইট একটি উদীয়মান প্রযুক্তি, যা সূর্যালোক থেকে বিদ্যুৎ উৎপাদনের দক্ষতা বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে। অন্যদিকে, ট্যান্ডেম সৌরকোষে পেরোভস্কাইট ও সিলিকনের স্তর একসঙ্গে ব্যবহার করা হয়। এতে সূর্যালোকের আরও বিস্তৃত বর্ণালি কাজে লাগানো সম্ভব হয়।
সৌর প্যানেল তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল পলিসিলিকন উৎপাদনে তরলীকৃত স্তর প্রযুক্তি ব্যবহার করা হয়। প্রচলিত সিমেন্স পদ্ধতির তুলনায় এ প্রযুক্তিতে খরচ কম এবং জ্বালানি সাশ্রয় বেশি।
তবে সব সৌরপ্রযুক্তি রপ্তানি পুরোপুরি নিষিদ্ধ করার প্রস্তাব দেয়নি চীন। টপকন, এইচজেটি ও এক্সবিসি প্রযুক্তিসহ উন্নত সৌরকোষ উৎপাদনের কয়েকটি প্রযুক্তি রপ্তানিতে শুধু নিয়ন্ত্রণ আরোপের প্রস্তাব রয়েছে।
প্রস্তাবটি কার্যকর হলে সৌর প্যানেল উৎপাদনের গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তি বিদেশে সরবরাহের ক্ষেত্রে চীনের অনুমোদন ও নজরদারির ভূমিকা বাড়তে পারে। এতে এসব প্রযুক্তি আমদানির ওপর নির্ভরশীল দেশগুলোর নিজস্ব সৌরশিল্প গড়ে তোলার পরিকল্পনাও প্রভাবিত হতে পারে।
