পাবনা: পাবনার সদর উপজেলায় দুইটি দেশীয় ওয়ান শুটার গান ও ধারালো অস্ত্রসহ আব্দুল আলীম (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখা পুলিশের (ডিবি) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ অক্টোবর ভোররাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পীরপুর গ্রামে আব্দুল আলীমের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় অবৈধ ওয়ান শুটার গান ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয় তথ্য অনুযায়ী, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় আব্দুল আলীমের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে।
