প্রকাশিত: ২২:০২, ১৫ অক্টোবর ২০২৬
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের আলোচিত শিকদার বাড়িতে এবারও জমকালো দুর্গোৎসব হচ্ছে না।
বাগেরহাটের আলোচিত শিকদার বাড়িতে এবারও জমকালো দুর্গোৎসব হচ্ছে না। এক সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠত সদর উপজেলার হাকিমপুর গ্রামের এই বাড়ি। শত শত প্রতিমার বর্ণাঢ্য আয়োজন দেখতে প্রতি বছরই ভিড় করতেন দর্শনার্থীরা। তবে ২০২৬ সালেও সেই আয়োজন থাকছে না।
বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে প্রতিবছর দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। পূজার কয়েক মাস আগে থেকে শুরু হতো প্রতিমা তৈরির কাজ। কারিগরদের ব্যস্ততা আর পূজামণ্ডপের সাজসজ্জা দেখতে আগেভাগেই সেখানে ভিড় করতেন অনেকে। তবে এবারও সেই পরিচিত দৃশ্য দেখা যাচ্ছে না।
একসময় উপমহাদেশের অন্যতম বৃহৎ দুর্গাপূজার আয়োজন হিসেবে পরিচিতি পাওয়া শিকদার বাড়ির এই উৎসব ঘিরে দেশজুড়ে আগ্রহ ছিল। ২০১১ সালে ২৫১টি প্রতিমা নিয়ে এখানে দুর্গাপূজার বড় আয়োজন শুরু হয়। ২০১৯ সালে প্রতিমার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০১টিতে। তবে করোনার কারণে ২০২০ সালে আয়োজন সীমিত করা হয়। পরবর্তী সময়েও আর আগের মতো বড় পরিসরে দুর্গোৎসবের আয়োজন দেখা যায়নি।
গত বছর ২০২৫ সালে পূজার বড় আয়োজন না হওয়ার বিষয়ে আয়োজক লিটন শিকদার জানিয়েছিলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে শোকের সময়ে বড় পরিসরে আনন্দ আয়োজন করতে চাননি তিনি। সে বছর পারিবারিকভাবে ছোট পরিসরে পূজা করার কথা জানিয়েছিলেন তিনি।
তবে ২০২৬ সালে পূজা না হওয়ার বিষয়ে আয়োজকদের সর্বশেষ বক্তব্য এবং এর নির্দিষ্ট কারণ জানায়নি সিকদার পরিবারের কেউ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক প্রদীপ বসু শন্তু বলেন, একসময় শিকদারবাড়ির দুর্গা উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত পুরো দেশব্যাপী, সেখানে গত দুই বছর পূজার বড় আয়োজন বন্ধ রয়েছে। এই বাড়িতে পূজার আয়োজন করতেন লিটন সিকদার, তাদের পারিবারিক এই পূজার আয়োজনে দেশ বিদেশ থেকে বহু মানুষ আসতেন। কেন এটা বন্ধ হলো সেটাও তাদের পারিবারিক সিদ্ধান্ত।
