জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন- চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলাকালে বলের সীমানা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছয় শিক্ষার্থী আহত হন। তাদের কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর শিক্ষার্থীরা সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
