প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মাঠে ১-১ গোলে ড্র করেছে মানচেস্টার ইউনাইটেড। তবে এই ম্যাচে শিষ্যদের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় কিছুটা স্বস্তি খুঁজে নিয়েছেন ম্যানইউ ম্যানেজার মাইকেল ক্যারিক। এই ফলকে তিনি ‘এক ধাপ এগিয়ে যাওয়া’ হিসেবে বর্ণনা করলেও সাম্প্রতিক সময়ে ক্লাবের পারফরম্যান্সের মান কতটা নেমে গেছে, তার বক্তব্যেই তা স্পষ্ট।
লিগের শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে নেমে গেছে ইউনাইটেড। গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে শেষ করা দলটির জন্য এটি এক চরম বিপরীত চিত্র। আর তা প্রমাণ করে যে ক্লাবের সমস্যা কেবল এক সপ্তাহের বাজে পারফরম্যান্সের মধ্যেই সীমাবদ্ধ নয়।
ক্যারিক স্বীকার করে নিয়েছেন, বিশেষ করে বল দখলের ক্ষেত্রে দল তাদের সামর্থ্য অনুযায়ী সেরা ফুটবল খেলতে পারেনি। তবে এল্যান্ড রোডের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে খেলোয়াড়রা যে শৃঙ্খলা ও ঐক্যের পরিচয় দিয়েছেন, তাতে আশার আলো দেখছেন তিনি।
ক্যারিক বলেন, যদি নিখুঁত ফুটবলের কথা বলেন, তবে আমরা যে মানের খেলা খেলতে সক্ষম, আজ হয়তো ততটা হয়নি। সাম্প্রতিক ফলাফলগুলোর কারণে আমরা স্বাভাবিক ছন্দে ছিলাম না, তবে আজকের ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে।
ক্যারিকের কাছে ফলাফলের চেয়েও বড় বিষয় ছিল প্রতিকূল পরিস্থিতিতে দল কীভাবে সাড়া দিয়েছে। আগের সপ্তাহে টেবিলের তলানির দল টটেনহ্যাম হটস্পারের সাথে ১-১ ড্র এবং চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর এমনিতেই ব্যাকফুটে ছিল ক্লাবটি। রোববারের ম্যাচের আগে দলের সিনিয়র ডিফেন্ডার লি সান্দ্রো মার্টিনেজ প্রকাশ্যে ক্লাব কর্তাদের সমালোচনা করলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
এমন প্রেক্ষাপটে ক্যারিক কৌশলের চেয়ে মাঠের কাঠামোকে বেশি গুরুত্ব দিয়েছেন। ইউনাইটেড ডিফেন্স ভাঙা কঠিন ছিল এবং দলের খেলোয়াড়রা চরম উত্তেজনাকর এই ম্যাচে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করায় তাদের প্রশংসা করেন কোচ।
তিনি বলেন, এটা কেবল চেষ্টার বিষয় ছিল না। মূল বিষয় হলো আমরা কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছি। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ও ভূমিকা বেশ ভালোভাবে পালন করেছে।
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোমোর মুখোমুখি হতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।
