আমার কাগজ প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় হামলার ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
নিহত ফকির জহির রহমান (৪০) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
ওসি আব্দুল বারিক জানান, জহিরের পৈতৃক নিবাস আড়াইহাজারে হলেও তিনি বেশ কয়েক বছর ধরে মুন্সীগঞ্জ সদরে ভাড়া বাসায় থাকতেন। সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি ছিল।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওসি জানান, প্রতিদিনের মতো ফার্মেসি বন্ধ করে বাসায় ফিরছিলেন জহির। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জহিরকে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা জানান, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ওসি আরও জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
The post নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা appeared first on দৈনিক আমার কাগজ.
