প্রকাশিত: ০৯:৫০, ১৬ অক্টোবর ২০২৬ আপডেট: ০৯:৫১, ১৬ অক্টোবর ২০২৬
ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন
ভোলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ রোগী বাড়ায় ডেঙ্গু নিয়ে জেলাজুড়ে উদ্বেগ বাড়ছে।
তবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, তেলাপোকার উপদ্রব এবং প্রয়োজনীয় ওষুধ না পাওয়ার কারণে ভোগান্তি আরো বেড়ে গেছে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নের আবু তালেব বলেন, “গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। চিকিৎসাধীন থাকলেও হাসপাতালের সার্বিক পরিবেশ নোংরা।”
ভোলা সদরের উত্তর দিঘলদী ইউনিয়ন থেকে আসা জাহানারা বেগম বলেন, “আমার স্বামীকে নিয়ে দুই দিন ধরে ভর্তি আছি। চিকিৎসা সেবা পেলেও ওয়ার্ডে তেলাপোকার অতিরিক্ত উপদ্রবে রাতে ঘুমানো বা স্বাভাবিকভাবে থাকা কঠিন হয়ে পড়েছে।”
ভেলুমিয়া থেকে আসা ডেঙ্গুতে আক্রান্ত মফিজ মাঝি বলেন, “গতরাতে ভর্তি হওয়ার পর ডাক্তার মাত্র একবার এসেছেন। এছাড়া হাসপাতালের সব ওষুধ আমাদের বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে।”
সার্বিক বিষয়ে জানতে চাইলে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, “গত ২৪ ঘণ্টায় ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে মোট ১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু রোগীদের সুরক্ষার জন্য হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।”
