শ্রীরামপুরের ‘কুখ্যাত’ দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো গ্রেপ্তার। বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও একাধিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৩ জন দুষ্কৃতীকে। ধৃতদের এদিন আদালতে তোলা হয়েছে। কুখ্যাত কেলোর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুজোর দিনগুলিতে এলাকায় কড়া নিরাপত্তা, নজরদারি জারি ছিল পুলিশের তরফে। দুষ্কৃতী দৌরাত্ম্য যাতে না হয়, সেজন্য পুলিশের তরফে বিভিন্ন জায়গায় অভিযানও চলে। সেই অভিযানেই গ্রেপ্তার করা হয়েছে কুখ্যাত কেলোকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঞ্জিতের নামে একাধিক অভিযোগ রয়েছে। রাজ্যে পালাবদলের পরে এই দুষ্কৃতী গা ঢাকা দিয়েছিল। তার খোঁজে তল্লাশিও চলছিল।
পুজোর দিনে এই কুখ্যাতকে পেয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, শ্রীরামপুরের (Serampore) পিয়ারাপুর এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। রাস্তায় তল্লাশি অভিযানের সময় একটি এসইউভি গাড়ি পুজোর সময় আটকায় পুলিশ। ভিতরে পাওয়া যায় রঞ্জিত সিং ওরফে কেলোকে। গাড়ি তল্লাশি করতেই উদ্ধার হয় একটি বেআইনি আগ্নেয়াস্ত্র, দুটি তাজা কার্তুজ। এছাড়াও গাড়ির মধ্যেই মেলে নগদ প্রায় দেড় লক্ষ টাকা। মিলেছে ১০টি তাজা বোমাও। এরপরেই এই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ।
এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আরও ১৩ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। আজ, শুক্রবার ধৃতদের আদালতে তোলা হয়। থানা থেকে ধৃতদের বার করার পর কোমরে দড়ি পরানো অবস্থায় বেশ কিছুদূর হাঁটানো হয়। এরপর গাড়িতে তুলে আদালতে নিয়ে যাওয়া হয়। কেলোকে গ্রেপ্তার এক বড় সাফল্য বলেই মনে করছেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন, ডাকাতি, তোলাবাজি, মাদক মামলা, হুমকি-সহ ২১ টি মামলা রয়েছে কেলোর বিরুদ্ধে। দুষ্কৃতী দৌরাত্ম্য রুখতে এই অভিযান আরও হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
