Published on
:
1 min read
এই সময়, কোচবিহার: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। এই অভিযোগেই শনিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার শহরের নার্সিংহোম চত্বর। প্রধান গেট খুলে ভিতরে ঢুকে পড়ে উত্তেজিত জনতা। সেখানে নিরাপত্তারক্ষী এবং পুলিশের বাধায় আটকে যায় বিক্ষোভকারীরা। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
তুফানগঞ্জের বাসিন্দা দীপঙ্কর সরকার (৩৩) গত বুধবার পেটে ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। শনিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য ও তাঁদের পরিচিতরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিরাপত্তারক্ষীরা বাধা দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ব্যাপক গন্ডগোল বেধে যায়। বিক্ষোভকারী তরুণ দাস এবং নিতাই দাসের বক্তব্য, ‘শুক্রবার রাতে আমরা রোগীকে দেখে গিয়েছিলাম। সেই সময় একেবারেই স্বাভাবিক ছিলেন দীপঙ্কর। রাত আড়াইটে নাগাদ নার্সিংহোম থেকে ফোন করে জানানো হয়, রোগীর অবস্থা ভালো নয়। এসে দেখি ও আর নেই। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে।’
নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছেন, প্যানক্রিয়াটাইটিসের সমস্যা নিয়ে রোগী ভর্তি হয়েছিলেন। পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, সেটা জানানো হয়েছিল পরিবারকে। যুবক মারা যাওয়ার পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্তের কথা বলা হয়েছিল। কিন্তু তারা রাজি হয়নি। ভুল চিকিৎসার অভিযোগ ভিত্তিহীন।
