ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব সমাজকে নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইন। তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে যুবকদের কোরআন-হাদিসের আলোকে প্রশিক্ষিত করার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও মনোযোগী হতে হবে।
আজ বুধবার ১২ আগস্ট দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, যুবসমাজ দেশের জন্য বোঝা নয়। তাদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারলে জাতি তাদের কাছ থেকে অনেক কিছু পাবে। আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়তে প্রতিটি পাড়া-মহল্লা ও বাড়ি বাড়ি গিয়ে যুবকদের মাদক ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, অতীতের ইতিহাসে যুবকদের ভূমিকা ছিল অগ্রণী। আগামী দিনে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে। এ জন্য তাদের অন্যায় ও অপকর্ম ছেড়ে নৈতিক জীবন গড়ার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, জামায়াতে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যে যুবসমাজকে গুরুত্ব দিয়ে থাকে। যুবকরা অন্যায়ের প্রতিবাদে সোচ্চার ভূমিকা রাখতে পারে। তাদের হাতে মাদকের পরিবর্তে কোরআন-হাদিস ও কলম তুলে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজের অন্যায়ের প্রতিবাদ করবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।
এছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
সমাবেশে ঢাকা জেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মীর আতাউর রহমান, এবিএম মহিউদ্দিন কামালসহ অন্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম মজুমদার।
সমাবেশ শেষে যুবকদের ভালো কাজে উৎসাহিত এবং অন্যায় কাজে নিরুৎসাহিত করার মাধ্যমে সুন্দর সমাজ গঠনের অঙ্গীকার করা হয়।
