যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া-নিয়ন্ত্রিত ওলেশকি শহরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। এই যুদ্ধবিরতি ২৯ অক্টোবর থেকে কার্যকর হবে। হোয়াইট হাউস শুক্রবার এ তথ্য জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে রুশ বাহিনীর দখলে থাকা দক্ষিণ ইউক্রেনের এই শহরের বাসিন্দারা তীব্র খাদ্য সংকটের কথা জানিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, “উভয় দেশ ওলেশকি -তে সাময়িকভাবে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ রাখতে সম্মত হয়েছে, যাতে সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে পারে এবং একটি নির্দিষ্ট নিরাপদ পথ দিয়ে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া যায়।”
মেলানিয়া ট্রাম্প যুদ্ধের সময় রাশিয়ার হাতে আটক হওয়া ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করছেন।
এক বিবৃতিতে মেলানিয়া ট্রাম্প বলেন, “ওলেশকির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সম্মুখ সমরের এই শহরটি এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে রয়েছে। ওলেশকি শহরে বর্তমানে যারা রয়ে গেছেন, তাদের অধিকাংশই বয়স্ক মানুষ; যাদের জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা, ওষুধ, খাদ্য এবং বিশুদ্ধ পানির প্রয়োজন।”
