হলিউডের জনপ্রিয় অভিনেতা টম স্কেরিট আর নেই। ‘এলিয়েন’, ‘টপ গান’ ও ‘এ রিভার রানস থ্রু ইট’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেতার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
টেলিভিশন সিরিজ ‘পিকেট ফেন্স’-এ অভিনয়ের মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন টম। ছয় দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে চলচ্চিত্র ও টেলিভিশনের নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
টমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্দায় অসাধারণ অভিনয়ের জন্য সারা বিশ্বে পরিচিত ছিলেন তিনি। তবে পরিবারের কাছে তার পরিচয় ছিল আরও গভীর। পরিবারের ভাষ্য, ‘সারা বিশ্ব টমকে তার অসাধারণ অভিনয় জীবনের জন্য চিনলেও, আমরা তাকে চিনতাম তার রসবোধ, উদার মানসিকতা এবং আমাদের ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য।’ পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, টমের গল্প মানুষের ক্ষত সারিয়ে তুলতে, জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে এবং পরিবর্তন আনতে সাহায্য করতে পারে।
১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন টম স্কেরিট। অভিনয়জগতে আসার আগে তিনি মার্কিন বিমান বাহিনীতে কাজ করেছেন। ১৯৬২ সালে রবার্ট রেডফোর্ডের সঙ্গে ‘ওয়ার হান্ট’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ সময় পর ১৯৯২ সালে রেডফোর্ড পরিচালিত ‘এ রিভার রানস থ্রু ইট’ সিনেমায় আবারও তার সঙ্গে কাজ করেন। ওই সিনেমায় অভিনয় করেছিলেন ব্র্যাড পিটও।
১৯৭০ সালে মুক্তি পাওয়া কোরিয়ান যুদ্ধভিত্তিক কমেডি সিনেমা ‘ম্যাশ’ টমের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে মার্কিন সেনা সার্জন ডিউক ফরেস্ট চরিত্রে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে ডোনাল্ড সাদারল্যান্ড, এলিয়ট গোল্ড ও স্যালি কেলারম্যানের মতো তারকারাও ছিলেন। সিনেমাটি পাঁচটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। পরে এটি অবলম্বনে টেলিভিশন সিরিজও নির্মিত হয়।
১৯৭৯ সালের সায়েন্স ফিকশন ও হরর সিনেমা ‘এলিয়েন’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন টম। সিগোর্নি উইভারের সঙ্গে অভিনীত সিনেমাটি বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পায় এবং অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন লাভ করে।
১৯৮৬ সালের জনপ্রিয় সিনেমা ‘টপ গান’-এ কমান্ডার মাইক ‘ভাইপার’ মেটকাফ চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন তরুণ টম ক্রুজ। এ ছাড়া ১৯৭৭ সালের ‘দ্য টার্নিং পয়েন্ট’-এ শার্লি ম্যাকলেইনের সঙ্গে এবং ১৯৮৯ সালের ‘স্টিল ম্যাগনোলিয়াস’-এ স্যালি ফিল্ডের স্বামীর চরিত্রে অভিনয় করেন তিনি।
