যুক্তরাষ্ট্রের আলাস্কায় পরিকল্পিত গ্যাস পাইপলাইন প্রকল্পের অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে বড় অঙ্কের বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আগামী ২০ বছর ধরে প্রকল্পটি থেকে উৎপাদিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ৩০ শতাংশ কিনবে তাইওয়ান।
মঙ্গলবার আলাস্কার ওয়াসিলায় এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘তাইওয়ান আগামী ২০ বছর ধরে এই পাইপলাইন থেকে সরবরাহ করা গ্যাসের ৩০ শতাংশ কিনতে সম্মত হয়েছে। এতে প্রকল্পটির সফলতা নিশ্চিত হবে।’
চুক্তিটিকে বড় অর্থনৈতিক অঙ্গীকার হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, ‘যেকোনো খাতে এটি ইতিহাসের অন্যতম বড় অঙ্গীকার। এটি এখন পর্যন্ত হওয়া সবচেয়ে বড় চুক্তিগুলোর একটি।’
সমাবেশে উপস্থিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, আলাস্কার এই পাইপলাইন প্রকল্পের উন্নয়নে ৪৪০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে তাইওয়ান।
ট্রাম্পের ঘোষণার আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, তাইওয়ানের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি সিপিসি করপোরেশন গত বছর আলাস্কা গ্যাসলাইন ডেভেলপমেন্ট করপোরেশনের সঙ্গে প্রকল্পটি থেকে এলএনজি কেনা এবং এতে বিনিয়োগের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায়।
পরিকল্পনা অনুযায়ী, আলাস্কার প্রত্যন্ত উত্তরাঞ্চল থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রাজ্যটির দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়া হবে। সেখানে গ্যাস তরলীকৃত করে জাহাজে করে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পাঠানো হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
