কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মো. শরিফুল ইসলাম (১৮) নামের এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
এ ঘটনায় গত বৃহস্পতিবার আহত তরুণের বাবা শহীদ মিয়া বাদী হয়ে মো. আবদুল্লাহ, রাব্বি, খলিল, রাকিব ও অনিকসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। আহত শরিফুল ইসলাম উপজেলার দক্ষিণ চরটেকি এলাকার শহীদ মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শরিফুল। পথে উপজেলার কাতার বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি মারধর করে। এতে তার পিঠ ও কোমরে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।