ময়মনসিংহে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় নগরীর সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ, ময়মনসিংহের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, খেলোয়াড় ও স্থানীয় দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতার নারী বিভাগে কোতোয়ালি থানা দল ও নান্দাইল থানা দল এবং পুরুষ বিভাগে ফুলবাড়ীয়া থানা দল ও ফুলপুর থানা দল ফাইনালে অংশ নেয়।
খেলা শেষে নারী বিভাগে কোতোয়ালি থানা দল এবং পুরুষ বিভাগে ফুলপুর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান খেলাধুলার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও আস্থা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদার করতে হবে। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ডিআইজি আরও বলেন, খেলাধুলা সম্প্রীতি বৃদ্ধির অন্যতম মাধ্যম। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন এবং নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
The post ময়মনসিংহে কাবাডি চ্যাম্পিয়নশিপে কোতোয়ালি ও ফুলপুর চ্যাম্পিয়ন appeared first on ভোরের চেতনা.
