ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জন প্রার্থী। সাবেক সংসদ সদস্য ছাড়াও বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নারী নেত্রীরা এ মনোনয়ন দৌড়ে শামিল হয়েছেন।
দলীয় সূত্র জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ফরমগুলো সংগ্রহ করা হয়। নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার (১৭ ১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে পূরণকৃত ফরম জমা দিতে হবে। একক দলীয় প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনে জয়ী হওয়ার পথ সুগম থাকায় বিএনপির সবুজ সংকেত কে পাচ্ছেন, তা নিয়েই চলছে জোর আলোচনা।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহানা আক্তার সানু ও আয়শা সিদ্দিকা মনি, মহিলা দলের দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহিনুর বেগম, প্রবীণ নেত্রী জেলী চৌধুরী এবং সাবেক ছাত্রদল নেত্রী রেহানা আক্তার শিরিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, রাড্ডা মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবাকেন্দ্রে অপ্রীতিকর ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গত ১ অক্টোবর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
