কিছু দিন এমন আসে যখন খুব ছোট বিষয়ও আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। হয়তো পরিকল্পনা অনুযায়ী না হওয়া কোনো কথোপকথন নিয়ে আপনি বারবার ভাবছেন, এখনও ঘটেনি এমন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন, কিংবা ক্লান্ত থাকা সত্ত্বেও অন্যের অনুরোধে 'হ্যাঁ' বলে দিচ্ছেন। দিনের শেষে মন শান্ত হওয়ার বদলে চিন্তার গতি যেন আরও বেড়ে যায়, যা থেকে মুক্তি পাওয়া অসম্ভব মনে হয়।
জীবন যখন এতটা চাপযুক্ত হয়ে ওঠে, তখন বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না। মাঝে মাঝে কেবল দৃষ্টিভঙ্গি বদলানো এবং নিজেকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। বেশ কিছু জাপানি জীবনদর্শন আমাদের বাস্তবতা মেনে নেওয়া, বিশ্রাম, ব্যক্তিগত সীমানা নির্ধারণ এবং আত্মউন্নয়নের সহজ পথ দেখায়। এগুলো জীবনের সব সমস্যা দূর করে দেবে না, তবে প্রতিদিনের মানসিক চাপ ধৈর্য ও সঠিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সামলাতে সাহায্য করবে।
শোগানাই: যা পরিবর্তন করা সম্ভব নয়, তা ছেড়ে দিতে শিখুন
আপনাকে কষ্ট দেওয়া কোনো ঘটনা মনে মনে বারবার পুনরাবৃত্তি করা খুব সহজ। আপনি হয়তো ভাবেন কী বলা উচিত ছিল, অন্য কোনো সিদ্ধান্ত নিলে কী হতো, কিংবা অতীতে ফিরে গিয়ে যদি ফল বদলে দেওয়া যেত! কিন্তু অতিরিক্ত চিন্তা করে অতীতকে বদলানো সম্ভব নয়।
জাপানি শব্দ ‘শোগানাই’-এর মূল অর্থ হলো যা নিয়ন্ত্রণ করা বা বদলানো সম্ভব নয়, তা মেনে নেওয়া। এর মানে এই নয় যে ঘটনাটি আপনার পছন্দ হতে হবে বা আপনার কষ্ট হয়নি এমন অভিনয় করতে হবে। এর প্রকৃত অর্থ হলো যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, তা মেনে নেওয়া এবং সেই বাস্তবায়নের বিরুদ্ধে নিজের সমস্ত শক্তি অপচয় না করার সিদ্ধান্ত নেওয়া।
শোশিন: ফলাফলের পূর্বানুমান বন্ধ করুন
অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে মানুষ প্রায়ই ধরে নেয় যে ভবিষ্যতেও একই ঘটনা ঘটবে। আপনি হয়তো ভাবতে পারেন একটি নতুন সম্পর্ক খারাপভাবে শেষ হবে, কোনো ভুল আপনার একটি সুযোগ নষ্ট করে দেবে, কিংবা পরিস্থিতি কখনোই ভালো হবে না কারণ আগে কখনো হয়নি।
‘শোশিন’ শব্দের অর্থ হলো একজন শিক্ষানবিস বা নবাগতের দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখা। এটি অতীত অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন পরিস্থিতি বিচার করার বদলে কৌতূহলী ও উন্মুক্ত মানসিকতা বজায় রাখতে উৎসাহিত করে। এর মানে অতীতের শিক্ষা ভুলে যাওয়া নয়, বরং নিজেকে নতুনভাবে দেখার ও ভাবার সুযোগ দেওয়া।
মা: নিজেকে একটু বিরতি দেওয়ার অনুমতি দিন
প্রতিটি বার্তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া, প্রতিটি নীরব মুহূর্ত পূর্ণ করা, কিংবা সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখা বাধ্যতামূলক নয়। এই জাপানি ধারণাটি মূলত দুটি বিষয়ের মধ্যকার অর্থপূর্ণ শূন্যস্থান বা বিরতিকে নির্দেশ করে।
একটু ভেবে দেখুন, নিজের শ্বাস নেওয়ার মতো সময় না দিয়ে আমরা কত দ্রুত এক কাজ থেকে অন্য কাজে চলে যাই! আপনার দিনের মধ্যে সামান্য একটু বিরতি বা ফাঁকা সময় রাখলে তা আপনাকে ধীর হতে, চিন্তা গুছিয়ে নিতে এবং কোন বিষয়টিতে সত্যিই মনোযোগ দেওয়া প্রয়োজন তা ঠিক করতে সাহায্য করবে।
এনরিও: কোথায় ফিনিশিং লাইন টানবেন তা জানুন
আপনি যদি সবসময় অন্যদের কথায় সায় দিতে থাকেন, তবে দিনশেষে নিজের জন্য আপনার কাছে সময় বা শক্তি কোনোটিই অবশিষ্ট থাকবে না। কাউকে মানা করা বা 'না' বলা অস্বস্তিকর হতে পারে, বিশেষ করে যখন আপনি তাদের হতাশ করতে চান না। তবে সব কিছুতে সম্মতি দেওয়া আর দয়ালু হওয়া এক বিষয় নয়।
‘এনরিও’ ধারণাটি সামাজিক ক্ষেত্রে সংযম, শালীনতা এবং নিজেকে কিছুটা গুটিয়ে রাখার সঙ্গে সম্পর্কিত। যদিও এটি সরাসরি ব্যক্তিগত সীমানা নির্ধারণ করা বোঝায় না, তবে এটি আপনাকে চিন্তা করতে শেখায় যে অন্যের প্রতিটি অনুরোধে সাড়া দেওয়ার চেয়ে কখন নিজেকে গুটিয়ে নেওয়া বা পিছিয়ে আসা বেশি যুক্তিসঙ্গত।
শিনরিন-ইয়োকু: প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান
যখন মনের চিন্তাগুলো থামানো যায় না, তখন বাইরে কিছুটা সময় কাটানো মনকে প্রশান্তি দিতে পারে। ‘শিনরিন-ইয়োকু’ শব্দটিকে সাধারণত 'ফরেস্ট বাথিং' বা বনে সময় কাটানো হিসেবে অনুবাদ করা হয়। এর মূল উদ্দেশ্য হলো প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো এবং চারপাশের প্রকৃতির প্রতি মনোযোগ দেওয়া।
এর জন্য আপনাকে কোনো বনে যেতে হবে না। কাছের কোনো পার্কে হাঁটুন, বাতাসে গাছের পাতার নড়াচড়া খেয়াল করুন কিংবা ফোনের দিকে না তাকিয়ে একটি গাছের নিচে চুপচাপ বসে থাকুন। প্রকৃতির মাঝে কাটানো এই সময়টুকু মানসিক চাপ কমাতে এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
ওয়াবি-সাবি: সব কিছু নিখুঁত হওয়ার প্রত্যাশা ছাড়ুন
মানুষ হিসেবে ভুল হওয়া, কোনোদিন কম কর্মক্ষম বোধ করা বা কোনো পরিস্থিতি ভিন্নভাবে সামলালে ভালো হতো এমন আফসোস থাকা স্বাভাবিক। এটি মানবজীবনেরই অংশ, আপনার পিছিয়ে পড়ার প্রমাণ নয়।
‘ওয়াবি-সাবি’ হলো একটি জাপানি নান্দনিক ও দার্শনিক ধারণা, যা খুঁত বা অপূর্ণতা, সরলতা এবং সময়ের সঙ্গে আসা পরিবর্তনকে প্রশংসা করতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি অর্থপূর্ণ জীবন দেখতে সবসময় নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। আপনি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারেন, তবে সেগুলোকে আপনার পরিচয় নির্ধারণ করতে দেবেন না।
কাইজেন: একবারে একটি ছোট পদক্ষেপ নিন
মন যখন নানা চিন্তায় ভারাক্রান্ত থাকে, তখন একবারে সব কিছু বদলে ফেলার ভাবনা আপনাকে আরও ক্লান্ত করে তুলতে পারে। ‘কাইজেন’ ধারণাটি ছোট ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে ইতিবাচক উন্নতির এক সহজ পথ দেখায়।
এক দিনে পুরো জীবন বদলে ফেলার চেষ্টা না করে, এই মুহূর্তে আপনি করতে পারেন এমন একটি ছোট কাজ বেছে নিন। ছোট একটি হেঁটে আসা, আপনার পড়ার টেবিল বা কাজের জায়গাটি গুছিয়ে ফেলা কিংবা দীর্ঘদিন ধরে ফেলে রাখা কোনো ফোন কল করা হতে পারে সেই কাজ।
আপনি হয়তো আপনার চারপাশের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে নিজের চাপ কমাতে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার হাতেই রয়েছে। আর কোনো একটি কঠিন দিনে কেবল একটি ছোট পদক্ষেপ নেওয়াটাই যথেষ্ট হতে পারে।
তামান্না রুপা/
