নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম
চট্টগ্রামে সাতকানিয়ার নয়াখাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। এদিকে, নিহতের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকার পাঠানি পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এরপর বিক্ষুব্ধরা সড়ক আটকে বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
স্থানীয়রা বলছেন, সাতকানিয়া কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়াখাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত ও দু’জন আহত হয়েছেন। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী মনে করে কে বা কারা মিনিবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের গাড়িও আটকে দেওয়া হয়। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করে যানচলাচল পুনরায় শুরু করার চেষ্টা চলছে।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
