শারদীয় দুর্গোৎসবের আনন্দে ভিন্নমাত্রা যোগ করল ঐতিহ্যবাহী ডিঙি বাইচ। নদীর দুই পাড়ে দর্শকের উপচেপড়া ভিড়, ঢেউয়ের বুকে ডিঙির ছুটে চলা আর প্রতিযোগীদের জয়ের লড়াই। সব মিলিয়ে উৎসবমুখর হয়ে ওঠে মাগুরখালী নদী। নারী ও পুরুষের পৃথক প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শুক্রবার বিকেলে উপজেলার মির্জাপুর পশ্চিমপাড়া সার্বজনীন পূজা কমিটির আয়োজনে এ ডিঙি বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমী এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন শত শত মানুষ। ছোট ছোট ডিঙি নিয়ে নদীতে ভিড় করেন দর্শকেরাও। আশপাশের সড়ক ও নদীতীরজুড়ে নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবের আবহ।
প্রতিযোগিতায় নারীদের বিভাগে প্রথম স্থান অধিকার করেন অনিতা বিশ্বাসের দল। দ্বিতীয় হন মহারানী মণ্ডলের দল এবং তৃতীয় স্থান অর্জন করেন দেবলা মণ্ডলের দল। অন্যদিকে পুরুষদের বিভাগে প্রথম হন খোকন বিশ্বাসের দল, দ্বিতীয় সুভঙ্কেশ রায়ের দল এবং তৃতীয় স্থান অর্জন করেন সুজন বিশ্বাসের দল।
প্রতিটি ডিঙিতে মাঝিসহ তিনজন করে প্রতিযোগী অংশ নেন। নদীর বুকে দ্রুতগতিতে ডিঙি চালিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নৈপুণ্য ও কৌশল দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
