খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ত্রিদেশীয় সিরিজে খেলা হবে না লিটন কুমার দাসের। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম ম্যাচের আগেই নিতম্বের চোট তাকে ছিটকে দিয়েছে পুরো সিরিজ থেকে।
এক ভিডিওবার্তায় নিয়মিত অধিনায়ক লিটনের চোটের খবর জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
“লিটন কুমার দাস শুক্রবার (১৬ অক্টোবর )ডান নিতম্বের জয়েন্টে একটা অভিযোগ করার কারণে একটা এমআরআই করিয়েছি। এমআরআই রিপোর্টে এসেছে যে ওর একটু সমস্যা আছে।”
“শনিবার (১৭ অক্টোবর) তারপরও একটু চেষ্টা করেছিল ফিটনেস টেস্টের, চেষ্টা করছে যে পারা যায় কিনা। তো সে এভেইলেবল না। যতটুকু মানদণ্ড আছে… আমরা যতটুকু চাই, সেটিতে পৌঁছাতে পারেনি সে। তাই এই সিরিজে তার খেলা হবে না।”
পরে লিটনের বদলি হিসেবে পারভেজ হোসেন ইমনকে নেওয়ার খবর জানিয়েছে বিসিবি। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজেও লিটনের বদলি হিসেবে ডাক পেয়েছিলেন ইমন।
লিটনের অনুপস্থিতিতে ত্রিদেশীয় সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এই সংস্করণে বাংলাদেশের ১৮তম অধিনায়ক হৃদয়।
এছাড়া মেহেদী হাসান মিরাজও নেই প্রথম ম্যাচের একাদশে। গত তিন দিন ধরে তিনি জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন বায়েজিদুল।
খুলনা গেজেট/উউরা
