
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বিরুদ্ধে দরপত্র ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
নাসের রহমান বলেন, বাজেটে বিপুল অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি অভিযোগ করেন, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আরএমও কোনো দরপত্র ছাড়াই যৌথভাবে ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করেছেন। বিষয়টি তদন্তে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।
এমপি নাসের রহমান বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়লেও তৃণমূল পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে। পর্যাপ্ত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষ স্বাস্থ্য খাতের বরাদ্দের সুফল পাচ্ছেন না।
তিনি আরও জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ চলছে। সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় স্বাস্থ্যসেবায় এগিয়ে আসতে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁর প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।
ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. জাকির হোসেন এবং কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
