Published on
:
2 min read
ভোটচুরির অভিযোগ তুলে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার INDIA জোটের সাংসাদদের সঙ্গে মিছিল করে গিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছেন তিনি। কিন্তু সেই পিটিশনে ১৪টি ভুল রয়েছে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, পিটিশন ফি-র ২২০ টাকা কম দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শীর্ষ আদালতের রেজিস্ট্রি।
আবেদনে কী কী ত্রুটি রয়েছে?
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে জানানো হয়েছে, পিটিশনে একাধিক ত্রুটি রয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলি হলো —
- কয়েক জন আবেদনকারী প্রয়োজনীয় ‘ওকালতনামা’ বা আইনজীবী নিয়োগের লিখিত অনুমতিপত্র জমা দেননি।
- কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের পরিচয়পত্রের প্রতিলিপি অস্পষ্ট।
- কয়েকটি নথিতে অক্ষরের আকার অত্যন্ত ছোট।
- দুটি নির্দিষ্ট নথির রঙিন প্রতিলিপি জমা পড়েনি।
- কয়েকটি পাতার লেখা অস্পষ্ট বা পড়ার অযোগ্য।
- কিছু তথ্য জমাই দেওয়া হয়নি।
- আঞ্চলিক ভাষায় লেখা পাতাগুলি পড়ার ক্ষেত্রে সমস্যা।
- কয়েকটি পাতার নম্বরে অসঙ্গতি।
এ ছাড়া আদালতের ফি বাবদ ২২০ টাকা কম জমা পড়েছে বলেও জানিয়েছেন রেজিস্ট্রি। সব মিলিয়ে ১৪টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। এই ত্রুটিগুলি সংশোধনের পরেই আবেদনটি শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।
কারা আবেদন করেছেন?
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, তৃণমূল সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আরজেডি-র তেজস্বী যাদব, NCP নেত্রী সুপ্রিয়া সুলে, শিবসেনা (ইউবিটি)-র সঞ্জয় রাউত, সিপিএমের ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহুয়া মাঝি, সিপিএমের এমএ বেবি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের নেতা ইটি মহম্মদ বশির-সহ একাধিক বিরোধী নেতা এই যৌথ আবেদন করেছেন। আবেদনটি করা হয়েছে ভারতের নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীর বিরুদ্ধে।
আবেদনে কী কী দাবি জানানো হয়েছে?
নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ১০টি প্রতিকার চেয়েছেন আবেদনকারীরা। তার মধ্যে রয়েছে—
- SIR সংক্রান্ত সমস্ত নথি ও তথ্য আদালতে পেশ করার নির্দেশ।
- SIR সংক্রান্ত সিদ্ধান্তগুলির সাংবিধানিক বৈধতা খতিয়ে দেখা।
- দায়ী আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ।
- আবেদনকারীদের অভিযোগের প্রতিকার।
- একটি স্বাধীন কমিটির মাধ্যমে অডিটের ব্যবস্থা।
এ ছাড়াও নির্বাচনী অনিয়মের অভিযোগের নিষ্পত্তি এবং ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে একাধিক দাবি জানানো হয়েছে।
কেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা?
সোমবার দিল্লিতে মিছিলের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন INDIA জোটের নেতারা। তাঁদের দাবি ছিল, ‘ভোট চুরি’ বন্ধ করা, জ্ঞানেশ কুমারের পদত্যাগ, SIR প্রক্রিয়া স্থগিত এবং ব্যালট পেপার ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
তবে বিষয়টি আদালতের বিচারাধীন বলে জানিয়ে প্রধান বিচারপতি তাঁদের সঙ্গে সাক্ষাতের আবেদন খারিজ করে দেন। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিরোধী নেতারা। এর আগে বিরোধী নেতাদের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সাধারণ নাগরিক হোন বা নির্বাচিত জনপ্রতিনিধি—সবার জন্যই সুপ্রিম কোর্টের দরজা খোলা রয়েছে।
