Published on
:
1 min read
এই সময়: আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ভিতরেই এক তরুণীকে ধর্ষণের অভিযোগ! শুধু তাই নয়, তাঁকে শৌচাগারে নিয়ে গিয়ে যখন যৌন হেনস্থা চলছে, তখন বাইরে দাঁড়িয়ে একদল তরুণ ‘আমার পালা কখন’, ‘আমাকে ভিতরে ঢুকতে দাও’ বলে রীতিমতো হাসাহাসি করছে! ইউনিভার্সিটি অফ শিকাগোয় রবিবার এমন ন্যক্কারজনক ঘটনার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ‘আলফা এপসিলন পাই ফ্রেটারনিটি হাউস’-এর এক পার্টির সময়ে। এর আগে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের চি ফাই ফ্রেটারনিটির সাত সদস্যের বিরুদ্ধে ২০২৪–এর অক্টোবরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল, ২০২৬–এর সেপ্টেম্বরে দায়ের হয় মামলা।
নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এপসিলন পাইয়ের ওই পার্টির কথা ইনস্টাগ্রাম থেকে জানতে পেরে ভিক্টিম তাঁর দুই বন্ধুর সঙ্গে পার্টিতে যান। তিনি পার্টিতে মদ্যপান করে নাচছিলেন। একটু পরে তাঁকে বাথরুমের ভিতরে এক যুবকের সঙ্গে অর্ধনগ্ন ও অর্ধচেতন অবস্থায় খুঁজে পান বান্ধবীরা। বাথরুমে ঢোকার জন্য বাইরে দাঁড়িয়ে থাকা যুবকদের রীতিমতো জোর করে সরাতে হয় তাঁদের।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নির্যাতিতা তাঁদের ছাত্রী নন। যার বিরুদ্ধে মূল অভিযোগ, সে-ও তাঁদের ছাত্র নয়! এই ঘটনার সঙ্গে এপসিলন পাই ফ্রেটারনিটির জড়িত থাকার কোনও প্রমাণ নেই বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের দাবি, ছাত্ররা নাকি ভিক্টিমের বান্ধবীর থেকে জানতে পেরে সেখানে সাহায্য করতে গিয়েছিলেন। ইউনিভার্সিটি অফ শিকাগোর ছাত্রছাত্রীর সংখ্যা ১৮ হাজার, মূলত গবেষণামূলক কাজের জন্য এই বিশ্ববিদ্যালয় সুপরিচিত।
