বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম ও খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে বসবাস করছেন। প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্মীয় উৎসব উদ্যাপনের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। সম্প্রীতি ও ঐক্যের এই বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সোমবার বেলা সাড়ে ১১টায় দুর্গাপূজা উপলক্ষে কানাইনগর সার্বজনীন পূজামন্দির পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি সেবা থেকে যেন কোনো সুবিধাবঞ্চিত মানুষ বাদ না পড়েন, সে বিষয়ে সবাইকে উদার ও সচেতন হতে হবে। হতদরিদ্র নারীদের সংসার পরিচালনায় বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগও রয়েছে।
উপকূলীয় এলাকার পরিবেশগত সংকট তুলে ধরে শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ অঞ্চলের মানুষ নানা সমস্যা ও ঝুঁকির মুখে রয়েছেন। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষা ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থের অপব্যবহার না করে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চান তিনি। এলাকার মানুষের সমস্যা সমাধান এবং তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করার কথাও জানান তিনি।
ধর্মীয় উৎসবের তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, প্রতিটি ধর্মের মূল শিক্ষা শান্তি, সম্প্রীতি ও ঐক্য। ব্যক্তিস্বার্থের গণ্ডি পেরিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন, বিএনপি নেতা শেখ রুস্তুম আলী, বাবুল হোসেন রনি, আ. হাকিম বাচ্চু, মো. নজরুল ইসলাম এবং বিএনপি নেত্রী কমলা বেগম ও আয়েশা সিদ্দিকা।
