The Sangbad · general
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
১৮/১০/২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে আনন্দের ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।রবিবার (১৮ অক্টোবর) সকালে শহরের পলাশপোল এলাকায় অবস্থিত টেনিস গ্রাউন্ডে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি শেখ শফিক-উদ-দ্দৌলা সাগরের ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।খাদ্যসামগ্রী বিতরণকালে শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর বলেন, 'প্রতিবছর পূজার মৌসুমে আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ব্যক্তিগতভাবে সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করি। সমাজে সব ধর্মের মানুষের বসবাস; পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক মেলবন্ধন অটুট রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমি অতীতেও যেভাবে আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকব।'অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জয়ন্ত সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি আইনজীবী সোমনাথ ব্যানার্জি, সাবেক শিক্ষা কর্মকর্তা অলোক কুমার তরফদার এবং জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ প্রমুখ।আয়োজকেরা জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ৬৪টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজার এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর প্যাকেটে ছিল ময়দা, সুজি, ভোজ্যতেল, চিনি, ছোলার ডালসহ বিভিন্ন ধরনের রান্নার মসলা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗