Published on
:
1 min read
এই সময়, দুর্গাপুর: আঁকায় প্রথাগত কোনও তালিম নেননি। কিন্তু আঁকার প্রতি তাঁর ঝোঁক বরাবরই রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেইজের মতো শিল্পীদের আঁকা ছবি যেখানে সংরক্ষিত রয়েছে, সেই কণার্টক চিত্রকলা পরিষদে এ বার প্রদর্শিত হচ্ছে অন্ডালের উখড়ার নবগ্রামের তরুণ শিল্পী তীর্থ বন্দ্যোপাধ্যায়ের ছবিও। ২৯ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তীর্থর একক ছবির প্রদর্শনী রয়েছে সেখানে।
তীর্থ জানিয়েছেন, বর্তমানে তিনি বেঙ্গালুরুতে অ্যানিমেশন সংস্থায় কর্মরত। গ্রামের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলকাতায় অ্যানিমেশনের প্রশিক্ষণ নেন। তার পরে কর্মসূত্রে অনেক সময়েই কখনও মুম্বই, কখনও হায়দরাবাদে ছিলেন। তিন বছর ধরে বেঙ্গালুরুতে রয়েছেন। এখানেই রঞ্জিত রায় নামে এক শিল্পীর সঙ্গে তাঁর পরিচয় হয়। রঞ্জিতের কাছ থেকে তিনি আঁকার খুঁটিনাটি শিখে ছিলেন। তেল রঙের ব্যবহার জানলেও ওয়াটার কালার দিয়েই ছবি আঁকতে ভালোবাসেন তীর্থ। রং ও জল দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলেন তাঁর কল্পনা।
কণার্টক চিত্রকলা পরিষদে তাঁর আঁকা ৫০টি ছবি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। হাতে সময় প্রায় নেই বললেই চলে। নাওয়া-খাওয়া ভুলে জোর কদমে প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছেন তিনি। সমসাময়িক বিষয়ের উপরে ছবি আঁকলেও বন্যপ্রাণ নিয়ে ছবি আঁকতে ভালোবাসেন তীর্থ। তাঁর কথায়, ‘আমি গ্রামের ছেলে। ছোট থেকে গ্রামের পরিবেশে মানুষ হয়েছি। কংক্রিটের জঙ্গলের বদলে গ্রামীণ জীবন আমাকে আকৃষ্ট করে।’
কর্ণাটক চিত্রকলা পরিষদে সুরঞ্জন বসু, রেবা হোড়, দ্বিজেন গুপ্ত-সহ আরও অনেক শিল্পীর একক প্রদর্শনী হয়েছে। তাই এই সুযোগ তীর্থর কাছে একটা বড় চ্যালেঞ্জ।
