রাজবাড়ীর পাংশায় রোববার (১১ অক্টোবর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে। উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের নিজ বসতঘরে এই অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটক আরাফাত হোসেন পাংশা উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে। অভিযান ও মামলার বিবরণ থেকে জানা যায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল রোববার সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আরাফাতের বসতঘরে তল্লাশি চালায়। এ সময় ঘরের ভেতর থাকা একটি কালো রঙের সিনথেটিক শপিং ব্যাগ থেকে কাঠের হাতলযুক্ত ওই বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মেড ইন পাকিস্তান’ খোদাই করা রয়েছে।
অস্ত্রের পাশাপাশি তল্লাশিকালে আট রাউন্ড তাজা গুলি এবং ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত এই আট রাউন্ড গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু এবং বাকি তিনটি পিতল দিয়ে তৈরি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অবৈধ অস্ত্র উদ্ধারের এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেনের বিরুদ্ধে পাংশা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় একটি মামলা রুজু করেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে অস্ত্র ও গুলিসহ ওই যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
