Published on
:
2 min read
ভারতের ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের দলে জায়গা পাননি যুজ়বেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। অভিজ্ঞ এই লেগ স্পিনারের বাদ পড়া নিয়ে সে সময় কম আলোচনা হয়নি। অবশেষে সেই সিদ্ধান্তের নেপথ্যের কারণ জানালেন চাহাল নিজেই। তাঁর কথায়, তৎকালীন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই তাঁকে বুঝিয়ে বলেছিলেন, কেন বিশ্বকাপের দলে রাখা হচ্ছে না। ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর পাশাপাশি একজন অতিরিক্ত পেসারকে দলে নিতে চেয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই ব্যাখ্যা পাওয়ার পর থেকে দল নির্বাচন নিয়ে অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে দেন চাহাল।
কেন ২০২৩ সালের বিশ্বকাপে জায়গা হয়নি চাহালের?
আকাশ চোপড়ার ইউটিউব পডকাস্টে কথা বলার সময় বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার ঘটনা নিয়ে মুখ খোলেন চাহাল। ২০২৩ সালে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার আগে রোহিতের সঙ্গে তাঁর কথা হয়েছিল। ভারতীয় দল আট নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের গভীরতা রাখতে চাইছিল। সেই সঙ্গে বিশ্বকাপের দলে একজন বাড়তি পেসারও নিতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট।
চাহাল বলেন, ‘২০২৩ সালে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার সময় রোহিত আমাকে বলেছিল, ওরা আট নম্বর পর্যন্ত ব্যাটার রাখতে চায়। সেই পরিকল্পনা মেনেই দল গড়া হচ্ছে। বিশ্বকাপের জন্য একজন অতিরিক্ত পেসারও খুঁজছে দল। আমাকে বিষয়টা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বকাপের পর থেকে তাই দল নির্বাচন নিয়ে আর ভাবনাচিন্তা করিনি।’
IPL-এ ভালো খেলে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ
দল নির্বাচনের চিন্তা দূরে সরিয়ে রেখে নিজের পারফরম্যান্সে মন দিয়েছিলেন চাহাল। তারই ফল দেখা যায় ২০২৪ সালের IPL-এ। ১৫টি ম্যাচে ১৮টি উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলেও জায়গা পান এই লেগ স্পিনার। চাহাল জানিয়েছেন, IPL-এ ভালো খেলার সময় তাঁর উপর বাড়তি চাপ ছিল না। রোহিতও তাঁকে জানিয়েছিলেন, তিনি চাহালকে দলে চান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে নির্বাচনী বৈঠকে।
চাহালের বলেন, ‘২০২৪ সালের আইপিএলে আমি কোনও বাড়তি চাপ না নিয়ে খেলাটা উপভোগ করতে চেয়েছিলাম। সেই মরশুমে ভালো পারফরম্যান্সও করি। রোহিত আমাকে বলেছিল, ও আমাকে দলে চায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনী বৈঠকেই নেওয়া হবে।’ ভারত শেষ পর্যন্ত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও টুর্নামেন্টে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি চাহাল। দলে জায়গা পেলেও মাঠে নামতে না পারার আক্ষেপ রয়েই গিয়েছে তাঁর।
২০২২ সালের চেয়ে ২০২১ সালের বিশ্বকাপ নিয়ে বেশি আক্ষেপ
শুধু ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ নয়, ২০২১ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও নিজের হতাশার কথা জানিয়েছেন চাহাল। ২০২১ সালের বিশ্বকাপের দলে জায়গাই পাননি তিনি। অন্য দিকে, ২০২২ সালের বিশ্বকাপের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ হয়নি তাঁর। চাহালের মতে, ২০২২ সালের বিশ্বকাপে মাঠে নামতে না পারার চেয়ে ২০২১ সালে পুরো দল থেকেই বাদ পড়াটা তাঁকে বেশি কষ্ট দিয়েছিল। অন্তত ২০২২ সালে দলের সঙ্গে থাকায় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পেয়েছিলেন তিনি।
চাহাল বলেন, ‘২০২১ সালে আমার বেশি খারাপ লেগেছিল। কারণ, সে বার আমি দলেই ছিলাম না। ২০২২ সালে অন্তত দলের সঙ্গে ছিলাম। অনেক সময় দলের নির্দিষ্ট কম্বিনেশন কাজ নাও করতে পারে, সেটা বুঝতে পেরেছিলাম। তাই বিষয়টা নিয়ে খুব বেশি ভাবিনি। তবে প্রত্যেক ক্রিকেটারেরই ইচ্ছা থাকে, অন্তত একটা বিশ্বকাপের ম্যাচ খেলার। রোহিত আমাকে বলেছিল, নির্দিষ্ট কম্বিনেশন তৈরি হলে তবেই আমি খেলার সুযোগ পাব। অন্তত বিষয়টা আমার কাছে স্পষ্ট ছিল।’ রোহিতের কাছ থেকে পাওয়া সেই ব্যাখ্যাই দল নির্বাচন নিয়ে অযথা চাপ নেওয়া থেকে তাঁকে দূরে থাকতে সাহায্য করেছিল বলে জানিয়েছেন চাহাল।